মুর্শিদাবাদে ইতিহাস, প্রথমবার পঞ্চায়েত সমিতির দখল পেল বিজেপি
অভিজিৎ মন্ডল (ফারাক্কা): স্বাধীনতার ৮০ বছর পর মুর্শিদাবাদ জেলায় প্রথমবার কোনও পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। অনাস্থা ভোটাভুটিতে ১০-০ ব্যবধানে সুতি-১ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন বিজেপির বুল্টি ঘোষ। বুধবার সুতি-১ পঞ্চায়েত সমিতিতে নতুন সভাপতি নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। মোট ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে বিজেপির ৩ জন এবং তৃণমূল ছেড়ে আসা ৭ জন নির্দল সদস্যের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন বুল্টি ঘোষ। তিনি জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষের স্ত্রী। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৮ আসনের মধ্যে তৃণমূল ১২টি, বিজেপি ও কংগ্রেস ৩টি করে আসন পেয়েছিল। পরে এক সদস্যের মৃত্যু হয়। রাজ্যে বিজেপি সরকার আসার পর তৃণমূল ও কংগ্রেসের একাধিক সদস্য দল ছেড়ে নির্দল হন। বুধবারের ভোটে তৃণমূলের ৩ জন সদস্য উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয় ছিলেন বলে সূত্রের খবর। সুতি-১ পঞ্চায়েত সমিতি বিজেপি সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, তৃণমূলের জামানায় সুতি-১ পঞ্চায়েত সমিতিতে একাধিক দুর্নীতি হয়েছে। আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। আমাদের প্রথম কাজ হবে যারা মাটির বাড়ি বা ঝুপড়িতে থাকেন অথচ ঘর পাননি, তাঁদের ঘরের ব্যবস্থা করা। সুতি-১ পঞ্চায়েত সমিতি নবনির্বাচিত সভাপতি বুল্টি ঘোষ বলেন, তৃণমূলের জামানায় এই এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে, আমরা সেগুলো শেষ করে এলাকার উন্নয়ন করব এবং সাধারণ মানুষের পাশে থাকব।
জঙ্গিপুর বিজেপি জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা চলছিল। দুর্নীতির কারণে তৃণমূল-কংগ্রেসের সদস্যরা পদত্যাগ করে নির্দল হয়েছিলেন। নতুন সভাপতি করার আবেদন তারাই করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই আজ নতুন বোর্ড গঠন হল। ২০২৬-এর বিধানসভায় মুর্শিদাবাদের ২ আসনের মধ্যে ৮টি জিতলেও এতদিন জেলার কোনও পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে ছিল না।প্রথমবার সুতি-১ দখলের পর উচ্ছসিত গোটা জেলা বিজেপি। দুর্নীতি হটিয়ে উন্নয়নই এখন নতুন বোর্ডের প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন নবনির্বাচিত সভাপতি।