জলবন্দি এলাকায় বোটে চেপে দুর্গতদের পাশে পুলিশ সুপার
নিজস্ব সংবাদদাতা (সবং): নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মোগরাজপুর, কুলভেড়ি ও লহরীচক।কেলেঘাই-কপালেশ্বরী নদীর জলে কার্যত ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ জলবন্দি। বন্যাকবলিত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বোটে চেপে নদীপথে পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সঙ্গে ছিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমতি বুশারা বানো। জলবন্দি মানুষের কাছে পৌঁছে তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পুলিশ আধিকারিকরা। এদিনের কর্মসূচিতে ছিলেন বিধায়ক অমল কুমার পণ্ডা, ডেবরা এসডিপিও দেবাশীষ রায়, সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস এবং সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমিতেন্দু বেরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১১০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। জলমগ্ন এলাকায় নৌকায় করে পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকদের পৌঁছে যাওয়া এবং দুর্গত মানুষের হাতে সরাসরি ত্রাণ তুলে দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। নদীর জলস্তর ও জলমগ্ন এলাকার পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন ও পুলিশ।