এক ঝলক
ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, হিলি সীমান্তে খুশির হাওয়া অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু, স্বস্তিতে এলাকাবাসী সৈয়দ নুরুল হাসান কলেজে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে সরব এবিভিপি আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ধুলিয়ানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর মটগোদায় সমবায় গুদাম ঘিরে উত্তেজনা, উদ্ধার সরকারি সামগ্রী

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ধুলিয়ানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।
Ganamadhyam
28 June, 2026
সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সারিফ শেখ ওরফে ‘হাড্ডি’। শুক্রবার রাতে ধুলিয়ানে তার নিজস্ব বাসভবনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ, শনিবার ধৃত কাউন্সিলরকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধুলিয়ান পৌরসভার প্রাক্তন প্রশাসক মেহবুব আলমের পর আরও এক হেভিওয়েট তৃণমূল নেতার গ্রেপ্তারি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিফ শেখের বিরুদ্ধে সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে একাধিক উপভোক্তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা (কাটমানি) নেওয়ার অভিযোগ ওঠে। দিনকয়েক আগেই এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী মহিলা সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে সামশেরগঞ্জ থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রাথমিক তদন্তে এবং প্রয়োজনীয় তথ্য -প্রমাণ সংগ্রহের পরই শুক্রবার রাতে সারিফ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। রাতেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।আজ ধৃত তৃণমূল কাউন্সিলরকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ঘটনার গভীরে পৌঁছাতে এবং এই আর্থিক দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।ধুলিয়ানের প্রাক্তন পুর-প্রশাসক মেহবুব আলমের পর এবার বর্তমান কাউন্সিলর সারিফ শেখের শ্রীঘরে গমন— সব মিলিয়ে ধুলিয়ান পৌর এলাকায় এই মুহূর্তে ব্যাপক শোরগোল ও রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে।
ই-পেপার