সৈয়দ নুরুল হাসান কলেজে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে সরব এবিভিপি
অভিজিৎ মন্ডল(ফারাক্কা): মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের একমাত্র মহাবিদ্যালয় সৈয়দ নুরুল হাসান কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে।
এই পরিস্থিতিতে কলেজের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছতা বজায় রাখার দাবিতে আন্দোলনে নেমেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার নাম করে কয়েক লক্ষ টাকা দাবি করেছেন কলেজের কিছু আধিকারিক। এছাড়া, দীর্ঘদিন ধরে কলেজের সায়েন্স বা বিজ্ঞান বিভাগ চালুর কথা বলা হলেও, তার জন্য প্রয়োজনীয় কোনো পরিকাঠামো বা পরিকাঠামোগত উন্নয়ন করা হয়নি। কলেজের একমাত্র স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে।এবিভিপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অপূর্ব নন্দী অভিযোগ করেন, কলেজের সামনে সরকারি জমিতে কোন নিয়ম মেনে এবং কার অনুমতিতে বাণিজ্যিক ভবন গড়ে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। এই দোকানপাটগুলোর হিসেবে স্বচ্ছতা থাকা জরুরি। কলেজের শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে এটিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আখড়া বানিয়ে ফেলা হয়েছে এবং কিছু শিক্ষকও এর সাথে জড়িত। কলেজের স্বাভাবিক শিক্ষাদানের পরিবেশ ফিরিয়ে আনা, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানিয়েছে বিদ্যার্থী পরিষদ। দাবি পূরণ না হলে আগামী দিনে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।