সুব্রত শেঠ (পুরাতন মালদা): বুধবার পুরাতন মালদা ব্লক প্রশাসনের উদ্যোগে স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে মহানন্দা নদীতে বিশেষ সাফাই অভিযান চালানো হয়।এই অভিযানে হাত লাগান বিধায়ক সহ বিডিও। পুরাতন মালদার সাহাপুর-১ গ্রাম পঞ্চায়েতের বিমলদাস কলোনির বাউল মাঠ সংলগ্ন এলাকায় এই স্বচ্ছতা অভিযানকে ঘিরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মহানন্দা নদীকে দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নদী ও পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা যায়। এদিনের কর্মসূচিতে সরাসরি অংশ নেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা এবং পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায়। নৌকায় চেপে লাইফ জ্যাকেট পরে মহানন্দা নদীতে তারা সাফাই অভিযানে হাত লাগান। নদীর জল ও আশপাশে জমে থাকা বিভিন্ন আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নদীকে দূষণমুক্ত রাখার বার্তাও দেওয়া হয়। স্বচ্ছতা অভিযান চলাকালীন যাতে কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত রাখা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। তাদের সাথে নিয়ে নদীতে সাফাই অভিযান চালানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি দাস, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস সহ, প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।