এক ঝলক
বাঙালি সংখ্যালঘুরা সরকারের সঙ্গেই থাকতে চায়, প্রমাণ হল : শুভেন্দু অধিকারী বিকাশরঞ্জনের বাড়িতে তাণ্ডবে পুলিশের জালে গড়িয়ার যুবক এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা

মহালয়ার ভোরে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

মলয় দেবনাথ (আলিপুরদুয়ার): মহালয়ার ভোরে মর্নিংওয়াকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না বৃদ্ধের। দাঁতাল হাতির হামলায় মৃত্যু হল বীরপাড়া চা বাগানের মুন্সি লাইন এলাকার বাসিন্দা লক্ষ্মীনারায়ণ ভগতের (৭২)। শনিবার ভোরের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোরে মর্নিংওয়াকে বেরিয়েছিলেন লক্ষ্মীনারায়ণবাবু। ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘটনাটি ঘটে। অভিযোগ, সেই সময় আচমকাই একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে শুঁড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকার বাসিন্দা সুনীল ঠাকুর জানান, প্রতিদিনের মতো শনিবার ভোরেও এলাকার অনেকেই মর্নিংওয়াকে বেরিয়েছিলেন। সেই সময় তাঁদের চোখের সামনেই হাতিটিকে লক্ষ্মীনারায়ণ ভগতকে তুলে আছাড় দিতে দেখা যায়। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দপ্তরের দলগাঁও রেঞ্জ এবং বীরপাড়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। মৃত বৃদ্ধ বিপত্নীক ছিলেন। পরিবারে তার ছেলে ও মেয়ে রয়েছেন। মহালয়ার মতো বিশেষ দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা। একই সঙ্গে লোকালয়ে হাতির আনাগোনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Ganamadhyam
11 October, 2026
ই-পেপার