রেজিনগরে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার
অয়ন মণ্ডল (বহরমপুর): রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদকে ৭৫ হাজার ৮১৬ ভোটে পরাজিত করে জয় ছিনিয়ে নেন তিনি। নির্বাচনে শাখারভ সরকার পেয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৯১৪টি ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী আজাদ পেয়েছেন ৫৪ হাজার ৯৮টি ভোট। ফলাফল অনুযায়ী, তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি। তিনি পেয়েছেন ৬ হাজার ১৬৮টি ভোট। চতুর্থ স্থানে থাকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮৪৭টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৭৯৭টি ভোট। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউজ্জামান শেখ পেয়েছেন ২ হাজার ৪৪টি ভোট।
নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপি শিবিরে শুরু হয় উদযাপন। শাখারভ সরকারের বিপুল জয়ের খবর ছড়িয়ে পড়তেই বহরমপুর-সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রেজিনগর উপনির্বাচনে এই জয়কে কেন্দ্র করে বিজেপি শিবিরে খুশির আবহ তৈরি হয়েছে।