সোমনাথ পাল (বনগাঁ): রাতের অন্ধকারে রেশনের চাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন পাচারকারী।বৃহস্পতিবার রাতে বনগাঁ থানার জয়পুর এলাকার ঘটনা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে টোটোতে করে সরকারি রেশনের চাল পাচার করছিল কয়েকজন ব্যক্তি। সন্দেহ হওয়ায় এলাকাবাসীরা পাচারকারী সহ চাল ভরতি টোটো আটকে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে টোটো সহ চালের বস্তা গুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে এলাকায় আসে খাদ্য দফতরের আধিকারিকরাও। রাতের অন্ধকারে টোটোতে পাচার হওয়া চাল যে রেশনের তা জানান ঘটনাস্থলে আসা খাদ্য দফতরের আধিকারিকরা । সূত্র মারফত জানা গিয়েছে ওই এলাকার স্থানীয় রেশন ডিলার অসীম মিত্র গোপনে রেশনের চাল পাচারের কাজ করছিল বেশ কয়েক মাস। শেষমেশ হাতে নাতে টোটো ভরতি রেশনের চাল ধরে ফেললো স্থানীয় মানুষ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, বিগত তৃণমূল আমলের খাদ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙতে ইতিমধ্যেই রেশন ডিলার থেকে শুরু করে মিল মালিক সহ নিজের দফতরের আধিকারিকদের কড়া হুঁশিয়ারী দিয়েছেন খাদ্যমন্ত্রী। তবে চোরে না শোনে ধর্মের কথা। শেষ পর্যন্ত মন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রেই উঠল রেশনের চাল পাচারের অভিযোগ। মন্ত্রীর হুঁশিয়ারী আর কড়া দাওয়াইয়ের পরও যে কাজের কাজ কিছুই হয়নি ওই দিন রাতের ঘটনায় তা প্রমাণ হল ফের একবার।