যাত্রী সেজে ক্যাব ভাড়া করে খুন, হুগলি পুলিশের হাতে গ্রেফতার তিন দুষ্কৃতি
তরুণ তাঁতি (হুগলি): গত ৬ অক্টোবর ডানকুনির ভাদুয়ায় এক ব্যাক্তির পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়।পরে জানা যায় মৃতের নাম রামজি কইরি।তার বাড়ি বিরাটিতে।পেশায় ক্যাব চালক ছিলেন তিনি। ডানকুনি থানার পুলিশ ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা তদন্তে নেমে কিছু সূত্র পায়।সেই সূত্র ধরে উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রাম থেকে এক জনকে আটক করে। সোদপুর থেকে আটক করা হয় দুইজনকে। ডানকুনি থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম,সেখ আরিয়ান,সেখ মনিরুল ও সেখ সাহাদাত। তিনজনকেই আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে। চন্দননগর পুলিশের গোয়েন্দা প্রধান রূপান্তর সেনগুপ্ত জানান, ডানকুনি দেহ উদ্ধারের পর তদন্তে নেমে অভিযুক্তদের সন্ধান মেলে।তাদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।পুলিশ হেফাজতে নিয়ে আরো সূত্রের সন্ধান চালানো হবে।এই চক্রে আর কারা রয়েছে জানার চেষ্টা চলবে।প্রাথমিক ভাবে বেশ কিছু সূত্র ও তথ্য হাতে এসেছে সেসব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কলকাতার ট্যাংরায় ভগবান প্রসাদ গুপ্তা নামে বিডন স্ট্রিটের বাসিন্দা এক ক্যাব চালকের দেহ মিলেছিল গত সাত অক্টোবর।তাকে একই ভাবে খুন করা হয়েছিল। সেই খুনেও এই চক্র জরিত কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।যাত্রী পরিচয়ে ক্যাব ভাড়া করে সেই ক্যাব নিয়ে চম্পট দিত এই ছিনতাই চক্র।