টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি
নিজস্ব সংবাদদাতা: ইছামতীর জলে ভাসমান রেস্তোরাঁ থেকে শুরু করে ভুয়া বিল বানিয়ে টাকা হাতানো, টাকি পুরসভায় বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগে তুলকালাম রাজ্য রাজনীতিতে। শেষ পর্যন্ত পুরসভার পাহাড়প্রমাণ অর্থ তছরুপ মামলায় হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। ঘটনার জল বহুদূর গড়ানোয় স্থানীয় পুলিশের ওপর ভরসা না রেখে পুরো বিষয়ের গোড়ায় পৌঁছতে সরাসরি সিআইডি তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। তাও আবার হাইকোর্টের কড়া নজরদারিতে! এর পাশাপাশি বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চের চরম পর্যবেক্ষণ, ‘এভাবে জনগণের করের টাকা ছিনিমিনি খেলে নয়ছয় করা যায় না!’