সার্থক কুমার দে (অন্ডাল) : সোম ও বুধবার পরপর দু’দিনে দু’বার মাটি বসে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়াল অন্ডালের জামবাদ ইনক্লাইন পাড়াতে। বাড়ির নীচের মাটি কখন ধসে যাবে, সেই আশঙ্কায় কার্যত রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ক্ষোভ বাড়ছে এলাকায়।
বুধবার ধসের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসিএলের আধিকারিকদের একটি দল। তাঁদের দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তারা। দ্রুত ধসের কারণ খুঁজে ব্যবস্থা নেওয়া, এলাকাকে বিপদমুক্ত করা এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের দাবি ওঠে। স্থানীয় বাসিন্দা রাজেশ সাউয়ের অভিযোগ, খনি থেকে কয়লা তোলার পর ভূগর্ভস্থ ফাঁকা অংশে ঠিকমতো বালি-প্যাকিং করা হচ্ছে না। ফলে মাটির নীচে ফাঁকা অংশ তৈরি হচ্ছে এবং বারবার ধস নামছে। বাসিন্দাদের আরও অভিযোগ, সমস্যা দীর্ঘদিনের হলেও স্থায়ী সমাধান হয়নি। পরপর দু’দিনে দু’বার ধস নামায় আতঙ্ক আরও বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
এদিন ইসিএল আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বাসিন্দারা প্রশ্ন তোলেন, আর কত বার ধস নামলে নড়বে কর্তৃপক্ষ ? তাদের দাবি, সাময়িকভাবে ধসের জায়গা ঘিরে রাখা নয়, সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা পরিবারগুলির নিরাপত্তা এবং প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থার দাবিও জানিয়েছেন তারা।