এক ঝলক
টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি ডেঙ্গু নজরদারিতে জোর, নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের বকেয়া গাড়ির কর মেটাতে সর্বোচ্চ ৪০% ছাড়ের পথে রাজ্য মেদিনীপুরে ‘সেবা জ্যোতি যাত্রা’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মন্ত্রী-প্রশাসনের আধিকারিকরা শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভায় যাব না : হুমায়ুন

‌‌ আদালতের নির্দেশে জমি দখলে মালিকপক্ষ, একাংশের বাধা

নিজস্ব সংবাদদাতা (বসিরহাট) : বসিরহাটের ভ্যাবলা এলাকায় শিশু উদ্যান ও খেলার মাঠের জমির দখল নিয়ে উত্তেজনা ছড়ালো। আদালতের নির্দেশ হাতে নিয়ে পুলিশ প্রশাসনের সহায়তায় জমির দখল নিতে গেলে এলাকাবাসীদের একাংশের বাধার মুখে পড়তে হয়। বিশেষ করে মহিলারা একজোট হয়ে মাঠের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কবি সুকান্ত ভট্টাচার্য্যের নামে নামাঙ্কিত ওই জায়গাটি দীর্ঘদিন ধরে শিশুদের খেলার মাঠ এবং উদ্যান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মালিকপক্ষের দাবি, জমিটি তাদের বৈধ মালিকানাধীন সম্পত্তি। আদালতের নির্দেশের ভিত্তিতেই তারা প্রশাসনের সহযোগিতায় জমির দখল নিতে এসেছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশের বাধায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, প্রায় ২০-৩০ বছর ধরে ভ্যাবলা এবং আশপাশের এলাকার শিশুরা ওই মাঠে খেলাধুলা করে। স্থানীয় বাসিন্দারাই কবি সুকান্ত ভট্টাচার্যের নামে জায়গাটির নামকরণ করেন। পরে গ্রিন সিটি প্রকল্পের আওতায় পৌরসভার উদ্যোগে সেখানে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম বসানো হয়। সকাল-বিকেল এলাকার বহু অভিভাবক তাদের সন্তানদের নিয়ে ওই উদ্যানে আসেন। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও একাধিকবার ওই জমি দখলের চেষ্টা হয়েছিল। সেই সময়ও তারা বাধা দিয়েছিলেন। এবার আদালতের নির্দেশের কথা জানিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মালিকপক্ষ জমির দখল নিতে এলে ফের প্রতিবাদে সামিল হন তারা। এলাকাবাসীদের পক্ষে শুভঙ্কর সাহা বলেন, জায়গাটি দীর্ঘদিন ধরে শিশুদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা চাই, এই জায়গাটি শিশুদের জন্যই থাকুক। অন্যদিকে, মালিকপক্ষের দাবি, আবেগ বা দীর্ঘদিনের ব্যবহার কোনও জমির মালিকানা নির্ধারণ করে না। বৈধ মালিকানার ভিত্তিতেই আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। জমির মালিকানা ও দখল নিয়ে যাবতীয় বিষয় আইনিভাবেই নিষ্পত্তি হওয়া উচিত বলে তাদের বক্তব্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পরিস্থিতির উপর নজর রাখে। আদালতের নির্দেশের পরও স্থানীয়দের বাধায় দখল প্রক্রিয়া থমকে যাওয়ায় আগামী দিনে এই জমি নিয়ে বিরোধ কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে।
Ganamadhyam
08 October, 2026
ই-পেপার