মলয় দেবনাথ (আলিপুরদুয়ার): রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, কর্মী প্রশিক্ষণ ও কল্যাণে একগুচ্ছ নতুন উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। রেল জেনারেল ম্যানেজার জানান, ডলোমাইট উত্তোলন-সহ পণ্য পরিবহনে সম্প্রতি অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে এই ডিভিশন।যাত্রী পরিষেবা ও ট্রেন রক্ষণাবেক্ষণে কোচিং ডিপোয় বাড়ানো হয়েছে পিট লাইনের সংখ্যা। বায়োটয়লেট সংক্রান্ত সমস্যা মোকাবিলায় তৈরি হয়েছে আধুনিক বায়োট্যাংক ল্যাবরেটরি। কর্মীদের প্রশিক্ষণে চালু হয়েছে এআই-সক্ষম স্মার্ট লার্নিং সেন্টার। এর মাধ্যমে গুয়াহাটি, কাটিহার বা লামডিংয়ের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। চালু হয়েছে ই-লাইব্রেরি ও সেলফ- রেজিস্ট্রেশন কিয়স্কও। পাশাপাশি, ডিআরএমের উদ্যোগে আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম তথা স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে বুধবার। আগামী এক বছরের মধ্যে নির্মাণ শেষ হওয়ার কথা বলে রেল তরফে জানানো হয়। থাকবে বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও অত্যাধুনিক জিমের সুবিধাও। বিদ্যমান ক্রিকেট স্টেডিয়ামটিরও সংস্কার চলছে।