পুজোর আগে মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দফতরের নজরদারি
নিজস্ব সংবাদদাতা (আরামবাগ): পুজোর বাজারে মিষ্টির হাঁড়ি যতই উপচে পড়ুক, তার ভেতরে কী আছে, সেই প্রশ্নটাই এবার সামনে! দেখতে মিষ্টি, খেতে সুস্বাদু—কিন্তু তৈরির সময় মানা হচ্ছে তো সমস্ত স্বাস্থ্যবিধি? ছানা ও দুধের মান ঠিক আছে তো? নাকি মিষ্টির আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনও কিছু? পুজোর আগে এমনই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে আরামবাগ ও গোঘাটের কামারপুকুর এলাকায় নজরদারি চালাল খাদ্য সুরক্ষা দফতর। মঙ্গলবার একাধিক মিষ্টির দোকান ও খাবারের দোকানে অভিযান চালান দফতরের আধিকারিকরা। মিষ্টি তৈরির জায়গা থেকে শুরু করে ব্যবহৃত কাঁচামাল,সবকিছুই খতিয়ে দেখা হয়। বিশেষ নজর ছিল ছানা, দুধ ও অন্যান্য উপকরণের গুণগত মানের দিকে। কোনও ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে কি না, রান্নার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা। শুধু মিষ্টির স্বাদ নয়, দোকানের পরিবেশও ছিল নজরদারির আওতায়। কতটা পরিষ্কার- পরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে, খাবারে ব্যবহৃত মশলা ও অন্যান্য উপকরণ সরকারি নির্দেশিকা মেনে ব্যবহার করা হচ্ছে কি না,খতিয়ে দেখা হয় সেসবও। পুজোর আগে বাজারে মিষ্টি-সহ নানা খাবারের চাহিদা বাড়ে। আর সেই সুযোগে মানুষের পাতে যেন মানহীন বা অনিরাপদ খাবার না পৌঁছয়, তা নিশ্চিত করতেই খাদ্য সুরক্ষা দফতরের এই অভিযান।