এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

কেঁন্দুডাংরিতে সাঁওতালি মাধ্যমে স্থায়ী শিক্ষকের দাবিতে স্কুলে তালা

স্বপ্নীল মজুমদার(ঝাড়গ্রাম): সাঁওতালি মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার সাঁকরাইল ব্লকের ধানঘোরি অঞ্চলের কেঁন্দুডাংরি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের (বাদল কিস্কু গোষ্ঠী)-এর সদস্যরা।
Ganamadhyam
05 August, 2026

বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার ও একটি শ্রেণিকক্ষের দরজায় তালা লাগানোর পাশাপাশি সেখানে সংগঠনের হলুদ-সবুজ পতাকা বেঁধে দেওয়া হয়। প্রতিবাদ আন্দোলনের জেরে এদিন স্কুলের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত কেঁন্দুডাংরি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট ২৬ জন পড়ুয়া রয়েছে। তাদের মধ্যে বাংলা মাধ্যমে পড়াশোনা করে ২০ জন এবং সাঁওতালি মাধ্যমে ৬ জন। বাংলা মাধ্যমের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল মাহাতো-সহ দু'জন স্থায়ী শিক্ষক থাকলেও সাঁওতালি মাধ্যমে কোনও স্থায়ী শিক্ষক নেই। ওই মাধ্যমে পঠনপাঠন চালাতে অন্য একটি সার্কেল থেকে এক সাঁওতালি পার্শ্বশিক্ষককে ডেপুটেশনে আনা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাঁওতালি মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। ডেপুটেশনের শিক্ষক দিয়ে সাময়িকভাবে পঠনপাঠন চালানো হলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। সেই কারণেই এদিন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হন তারা। ভারত জাকাত মাঝি পারগানা মহলের (বাদল কিস্কু গোষ্ঠী)-এর জেলা পরগানা সূর্যকান্ত মুর্মু বলেন, সাঁওতালি মাধ্যমে পড়ুয়া থাকলেও দীর্ঘদিন ধরে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। একাধিকবার দাবি জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। তাই বাধ্য হয়েই এই আন্দোলনের পথে নামতে হয়েছে। দ্রুত স্থায়ী শিক্ষক নিয়োগ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছন সাঁকরাইল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার বেরা এবং স্থানীয় থানার পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা বিদ্যালয়ের তালা খুলে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ই-পেপার