আংরাভাষা ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যদের দলত্যাগ
খাদিমুল ইসলাম (বানারহাট): এবার নাগরাকাটা ব্লকের ২ নম্বর আংরাভাষা গ্রামপঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হল। মঙ্গলবার বিকেলে গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খয়েরকাটায় প্রধানের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রধান শান্তি ছেত্রি-সহ মোট আটজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দল ছাড়ার ঘোষণা করেন।
সাংবাদিক বৈঠকে উপস্থিত সদস্যরা জানান, তাঁদের উপর কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়নি। এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। প্রধান শান্তি ছেত্রির অভিযোগ, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি টালমাটাল। নির্বাচনের ফল ঘোষণার পর দলের কোনও নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করেনি। দীর্ঘদিন ধরেই তাঁরা কার্যত অভিভাবকহীন অবস্থায় কাজ করছিলেন। সেই কারণেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব।” উল্লেখ্য, আংরাভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৫। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ৮টি এবং বিজেপি ৭টি আসনে জয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল বোর্ড গঠন করেছিল। প্রধান-সহ আটজন সদস্যের দলত্যাগের ঘোষণার পর গ্রামপঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।