এক ঝলক
হুকিং বা চুরি রুখতে চালু হল বিদ্যুৎ প্রহরী অ্যাপ মুখ্যমন্ত্রী সূচনা করলেন ৫০টি নতুন এসি বাস দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব‌ ঃ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আক্রমণের পাল্টা আক্রমণে ঋতব্রত মঞ্চের তৃনমূল কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের

টিউশনের আড়ালে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার অভিযুক্ত

সৌমেন আদক (খড়্গপুর ): খড়্গপুরে টিউশনে পড়তে যাওয়া ৯ বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পশুপতি মহাপাত্র নামে এক ব্যক্তিকে।
Ganamadhyam
22 July, 2026


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, গত প্রায় চার দিন ধরে অভিযুক্ত ওই নাবালিকার সঙ্গে অশালীন আচরণ ও যৌন হেনস্তা করে আসছিলেন। শিশুটি অভিযুক্তের স্ত্রীর কাছে টিউশন পড়তে যেত। সেই সুযোগেই অভিযুক্ত বারবার তাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে হেনস্তা করতেন বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, প্রথমে ভয় ও আতঙ্কের কারণে নাবালিকা বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে সে তার মায়ের কাছে পুরো ঘটনার কথা জানায়। এরপর মঙ্গলবার শিশুটিকে টিউশনে পাঠিয়ে নজর রাখেন তার মা।
অভিযোগ, এদিন টিউশন চলাকালীন অভিযুক্ত পশুপতি মহাপাত্র শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে আবারও অশালীন আচরণ শুরু করেন। ঠিক সেই সময় শিশুটির মা সেখানে পৌঁছে যান এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে বাড়ি থেকে বের করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে খড়্গপুর লোকাল থানার পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিকে, ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীর দাবি, নাবালিকার সঙ্গে এমন জঘন্য অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
ই-পেপার