সেই নেশাই শেষ পর্যন্ত কেড়ে নিল প্রাণ। ওড়িশার চাঁদিপুর থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা দেবাহুতি বন্দ্যোপাধ্যায়ের (৪৪)। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে আটটি মোটরবাইকে ১৫ জনের একটি দল বেড়াতে গিয়েছিল ওড়িশার চাঁদিপুরে। রবিবার ফেরার পথে খড়্গপুর লোকাল থানার বালিহাটি এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, রাস্তার একটি গর্তে বাইকের চাকা পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন দেবাহুতি। তার বাইকের গতি তুলনামূলক বেশি থাকায় আঘাতও ছিল গুরুতর। দুর্ঘটনার সময় একই রাইডিং দলে ছিলেন দেবাহুতির ছেলে অনিকেত মুখোপাধ্যায়ও, যিনি বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি জানান, তিনি সামনের দিকের একটি বাইকে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফিরে এসে মাকে উদ্ধার করে কাঁসাই সেতুর কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অনিকেতের দাবি, তার মা ছাড়াও আরও এক বাইক আরোহী দুর্ঘটনায় পড়েছিলেন। প্রথমে মায়ের আঘাতের গভীরতা বোঝা যায়নি। পরে হাসপাতালে চিকিৎসার সময় তার অবস্থার অবনতি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবাহুতি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। অবসর সময়ে বাইক রাইডিং ছিল তার অন্যতম প্রিয় শখ। প্রায়ই বন্ধুদের সঙ্গে দীর্ঘ দূরত্বের সফরে বেরিয়ে পড়তেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু ও সহযাত্রীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।