তরুণ তাঁতি(হুগলি): ২১ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ মঞ্চে যোগ দেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের সভাপতি।
যদিও সকালে গ্রেফতার হলেও বিকেলে পেলেন জামিন। অসিত মজুমদার কোর্ট থেকে বেরিয়ে বললেন,আমার জীবন আইন আর ভাগ্যের মাঝে ঝুলছে। তবে যাই হোক মমতার সঙ্গে আছি। পাঁচ হাজার টাকার বেল বন্ডে তাকে জামিল দেয় চুঁচুড়া আদালত। চুঁচুড়া হরগৌরীতলার বাসিন্দা জ্যোৎস্না হাজরা অভিযোগ করেছিলেন, ২০১৩ সালে একটি আবাসন প্ল্যান পাশ করাতে চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি ও বিধায়ক অসিত মজুমদার তাদের পদের অপব্যবহার করে একটি গ্যারেজ বিনামূল্যে দান পত্র করে দিতে বলেন চাঁদু দাস নামে এক ব্যাক্তিকে। না দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তী সময়ে দানপত্র বাতিল করার আবেদন জানালে তাকে আবার খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এবিষয়ে চুঁচুড়া কোর্টে একটি মামলা দায়ের করেন অভিযোগকারী। সেই মামলার এখনো চলছে। এর মধ্যে গতকাল চুঁচুড়া থানায় সেই ঘটনায় আরো একটি অভিযোগ জানান অভিযোগকারী। পুলিশ বিএনএস এর ধারায় মামলা রুজু করে অসিত মজুমদারকে গ্রেফতার করে। চুঁচুড়া আদালত তার জামিন মঞ্জুর করে। অসিত মজুমদারের আইনজীবী সুভাশিষ চন্দ জানান, আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে মামলায় অসিত মজুমদারকে যুক্ত করা হয়েছিল তা ঠিক না। তাই আদালত জামিন মঞ্জুর করেছে।(ছবি: জ্যোতির্ময় বসু)