বৃষ্টির জল ঢুকে বাড়িঘর জলমগ্ন, পথ অবরোধ, পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ
সৌমেন আদক(খড়্গপুর): সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তা থেকে বাড়িতে ঢুকে পড়ছে বৃষ্টির জল। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় মঙ্গলবার খড়্গপুরের ব্যস্ততম কেশিয়াড়ি চৌরঙ্গী রাস্তায় পথ অবরোধে সামিল হন তলঝুলি এলাকার বাসিন্দারা।
এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, খড়্গপুরে অল্প বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জল জমে যায়। আর ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গতকাল টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে রাস্তার জল এক কোমর পর্যন্ত উঠে গিয়ে বহু বাড়িতে ঢুকে পড়ে। জলমগ্ন হয়ে পড়ে ঘর, রান্নাঘর-সহ বাড়ির একাধিক অংশ। ফলে অনেক পরিবার দুপুরের রান্নাও করতে পারেননি। বাসিন্দাদের দাবি, বারবার পৌরসভাকে জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় শাসকদলের নেতা শ্রীনাথ সিনহা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত জলনিকাশি সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাঁর দাবি, পূর্ববর্তী সরকার এই সমস্যার স্থায়ী সমাধান করেনি, তবে বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।