অভিজিৎ মন্ডল( ফারাক্কা): মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরবাসীর জন্য এল স্বস্তির খবর। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর, বন্ধ হয়ে যাওয়া বহরমপুর সদর হাসপাতাল পুনরায় চালু হতে চলেছে।
এই হাসপাতালের পুনর্জাগরণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র জানান হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ছিলেন। বহরমপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সদর হাসপাতালটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল। তাদের মতে, এটি কেবল একটি হাসপাতাল নয়, এটি বহু মানুষের আবেগ ও আশার জায়গা। বর্তমান রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সদিচ্ছায় এই হাসপাতালটি আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের কর্মকর্তাদের প্রচেষ্টায় হাসপাতালটির পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। জানা গেছে, ন্যাশনাল হেলথ মিশনের অনুদানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।তিনি আরও জানান স্থানীয় বাসিন্দারা ও এই উদ্যোগের সাথে জড়িত ব্যক্তিরা মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন যে, বর্তমান সিএমওএইচ সন্দীপ বাবু এবং পিডাব্লিউডি'র বুলবুল বাবুর অক্লান্ত পরিশ্রমের ফলেই হাসপাতালটি দ্রুত চালু করা সম্ভব হচ্ছে। হাসপাতালটি পুনরায় পূর্ণমাত্রায় চালু হলে বহরমপুরের স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের বড় ধরনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এটি স্থানীয় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করবে এবং সাধারণ মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। এলাকাবাসীর আশা, দ্রুত সংস্কার কাজ শেষে এটি আবারও পূর্ণ উদ্যমে চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হয়ে উঠবে।