এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

রঙ-তুলিতে রথের আনন্দ, খুদেদের সৃষ্টিতে জমে উঠল ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির ‘চিত্ররথ’

স্বপ্নীল মজুমদার( ঝাড়গ্রাম): রথযাত্রার চিরচেনা উৎসবকে শিল্প, কল্পনা ও সৃজনশীলতার রঙে অন্য মাত্রা দিল ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি।
Ganamadhyam
18 July, 2026

 সংস্থার ৪৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে রথযাত্রার দিন রামকিঙ্কর মঞ্চ প্রাঙ্গণে আয়োজন করা হয় ব্যতিক্রমী কর্মসূচি ‘চিত্ররথ’। এই প্রথম অ্যাকাডেমির শিশু, কিশোর ও কিশোরী শিক্ষার্থীদের নিয়ে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই ঘোড়াধরা এলাকার অ্যাকাডেমি প্রাঙ্গণে ভিড় জমায় খুদে শিল্পীরা। তারা দিনভর নিজেদের হাতে সাজিয়ে তোলে গোটা প্রাঙ্গণ। রথযাত্রার উৎসবকে সামনে রেখে রঙ, কাগজ, পিচবোর্ড ও মাউন্ট বোর্ড দিয়ে তৈরি হয় নানা শিল্পকর্ম।
অঙ্কন ক্লাস থেকেই খুদেদের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখ আঁকা ও রঙ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই ছবিগুলিকে কেটে গোলাকার আকৃতিতে সাজিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন ওয়াল হ্যাঙ্গিং। নার্সারি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের হাতে তৈরি এই শিল্পকর্ম যেমন নজর কেড়েছে, তেমনই অষ্টম শ্রেণি ও তার ঊর্ধ্বের শিক্ষার্থীদের মাউন্ট বোর্ড দিয়ে তৈরি ছোট ছোট রথও দর্শকদের প্রশংসা পেয়েছে।
বিকেল থেকে শুরু হয় মূল অনুষ্ঠান। পড়ুয়াদের হাতে তৈরি রথ, ওয়াল হ্যাঙ্গিং ও অন্যান্য শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। নিজেদের সৃষ্টি নিয়ে উপস্থিত হয় খুদেরা। সেই মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করা হয়। উপস্থিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় বেলুনও। পরিবেশিত হয় সংস্থার নৃত্যশিল্পীদের নৃত্যানুষ্ঠান। উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে খাবারের আয়োজন। পাঁপড় ভাজা, ঘুগনি, আলুকাবলি, মুড়ি ও শরবতের স্টল পরিচালনা করেন অ্যাকাডেমির প্রবীণ সদস্য, সংস্থার সঙ্গে যুক্ত গৃহবধূ ও শুভানুধ্যায়ীরা। ফলে শিল্পচর্চার পাশাপাশি এক আন্তরিক মিলনমেলার পরিবেশ তৈরি হয়।
রথযাত্রার পুণ্যতিথিতে অ্যাকাডেমির তিনতলায় নবকলেবরে সজ্জিত ‘বুদ্ধ গ্যালারি’-তে বুদ্ধের উপাসনা করেন বিশিষ্ট শিক্ষাব্রতী দেবলীনা দাশগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী কুন্তল পাল। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র বলেন, “‘চিত্ররথ’-এর মাধ্যমে শিশুদের সৃষ্টিশীল প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি রথযাত্রার ঐতিহ্যবাহী উৎসবকে শিল্পের মাধ্যমে নতুনভাবে উদযাপন করার চেষ্টা করেছি। আগামী দিনেও এই উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে চাই।” রথযাত্রাকে শুধু ধর্মীয় উৎসবের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিল্পচর্চা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ উপস্থিত অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদেরও প্রশংসা কুড়িয়েছে। খুদেদের হাসি, রঙিন শিল্পকর্ম আর উৎসবের আবহে এ বছরের ‘চিত্ররথ’ ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অন্যতম স্মরণীয় আয়োজন হয়ে রইল।
ই-পেপার