এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে সেচ দপ্তর

অভিজিৎ মন্ডল(ফারাক্কা): গঙ্গা নদীর করাল গ্রাস থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলাকে রক্ষা করতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের রূপরেখা তৈরি করতে শুক্রবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পরিদর্শনে এলেন রাজ্য সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।
Ganamadhyam
18 July, 2026

 

প্রিন্সিপাল সেক্রেটারি এদিন প্রথমে ফারাক্কার এনটিপিসি ফিল্ড হোস্টেল কমপ্লেক্সে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষ করে শামশেরগঞ্জের নিমতিতা এলাকায় গঙ্গা বক্ষে গিয়ে ভাঙন কবলিত অঞ্চল সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক নূর আলম, ফারাক্কার বিধায়ক মোতাব শেখ, শামশেরগঞ্জের বিডিও সমিরন কৃষ্ণ মন্ডল এবং আইসি সুব্রত ঘোষ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে ভাঙন রোধে রাজ্য সরকার এখন বড়সড় পরিকল্পনা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে খবর মালদা ও মুর্শিদাবাদের ভাঙন রোধে প্রায় ৩,৬০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে।
 সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৭ সাল থেকেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের প্রাথমিক কাজ শুরুর জন্য চলতি রাজ্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
শামশেরগঞ্জ সহ মালদা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতি বছর বর্ষায় গঙ্গার ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারান। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের এই ভয়াবহ দুর্ভোগের স্থায়ী সমাধান মিলবে, যা এই অঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।
ই-পেপার