মুর্শিদাবাদ জেলা পরিষদের সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া
অয়ন মন্ডল(বহরমপুর):শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশাসনিক ও সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।
জেলা পরিষদে দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে রুবিয়া সুলতানা বলেন, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। ফলে জেলার পরিস্থিতি সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে। তাই তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে অস্বীকার করার কিছু নেই বলেই তিনি জানান। সভাধিপতি আরও বলেন, কোনও নথি বা শংসাপত্রের সত্যতা যাচাই করা সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব। সেই কাজ তারা আইন অনুযায়ী করছেন এবং বিষয়টি প্রশাসনের ওপরই ছেড়ে দেওয়া উচিত।
এছাড়াও তিনি জানান, জেলা পরিষদের মূল লক্ষ্য ছিল এবং এখনও রয়েছে এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করা।ভবিষ্যতেও সেই লক্ষ্য নিয়েই কাজ চালিয়ে যাওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এদিনের সাংবাদিক বৈঠকে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজ ও অন্যান্য বিষয় নিয়েও তিনি নিজের মতামত তুলে ধরেন।