চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ, গ্রেফতার তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা(মেদিনীপুর): পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেস নেতা হীরালাল ঘোষকে আটক করে পুলিশ নিয়ে যাবার সময় উত্তেজনার সৃষ্টি হয়।
উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। জানা গিয়েছে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। প্রতারিতদের তরফে থানায় অভিযোগ করলে চন্দ্রকোনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এই খবর জানার পর চন্দ্রকোনা থানার সামনে এবং সংলগ্ন রাজ্য সড়কে প্রচুর সাধারণ মানুষ ও বিরোধী দলের কর্মী -সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। অনেক বিক্ষোভকারি ডিম ছুড়ার জন্য ডিম নিয়ে অপেক্ষা করেন। হীরালাল ঘোষকে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ডিম ছুড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।