সার্থক কুমার দে( অন্ডাল): পশ্চিম বর্ধমানের অন্ডালের সুভাস নগর এলাকায় প্রাক্তন খনি কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডাইরেক্টর (ইডি) একটি দল। কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। তল্লাশি শেষে আধিকারিকরা বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, দিলীপ মল্লিক একসময় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর কর্মী ছিলেন। সূত্রের খবর, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সামাজিক মাধ্যমে আবেদন জানাতেন তিনি। অভিযোগ, সেই প্রলোভনে বহু মানুষ বিনিয়োগ করেন এবং বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের পাশাপাশি সেই অর্থ পাচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে ঠিক কোন মামলার সূত্র ধরে এদিন ইডি এই তল্লাশি চালায়, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে ইডির পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি । ফলে তল্লাশির প্রকৃত কারণ নিয়ে জল্পনা ছড়িয়েছে এলাকাতে।