হুগলির চাঁপদানী পৌরসভায় চেয়ারম্যান সহ ১৯ জন তৃনমূল কাউন্সিলরের পদত্যাগ
তরুণ তাঁতি(হুগলি):রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। বহু পৌরসভায় তৃণমূলের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানসহ কাউন্সিলররা পদত্যাগ করতে থাকেন।কোথাও আবার পুরসভা পরিচালনা করার লোক না থাকায় প্রশাসক বসানো হয়।
হুগলি জেলার চন্দননগর কর্পোরেশনে প্রথম এই ছবি দেখা যায়। এরপর চুঁচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, ডানকুনি, তারকেশ্বরে পুরবোর্ড মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে যায়। গত বুধবার চাঁপদানি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন।আর বৃহস্পতিবার চেয়ারম্যান সুরেশ মিশ্র সহ বাকি ১৭ জন কাউন্সিলর তাদের পদত্যাগ পত্র জমা দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। ইও সেই পদত্যাগ পত্র চন্দননগর মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেবেন বলে জানা গেছে।১২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর তারক সিং ও ১০ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর সেলিম কুরেশি এলাকায় না থাকায় পদত্যাগ করেননি। ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর জানিয়েছেন দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। তবে অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করায় ভাঙল পুর বোর্ড। চাঁপদানী পুরসভার ২২ টি ওয়ার্ড।তৃনমূলের ছিল ২১ জন কাউন্সিলর কংগ্রেসের একজন। তবে এদিন চেয়ারম্যান সহ কাউন্সিলরদের পদত্যাগ করায় চাঁপদানী পৌরসভা ভেঙে যায়।(জ্যোতির্ময় বসু)