মুর্শিদাবাদ সফরের প্রাক্কালে মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে একগুচ্ছ দাবি অধীর চৌধুরীর
অভিজিৎ মন্ডল(ফারাক্কা):রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম মুর্শিদাবাদ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। শুক্রবার একদিনের ঝটিকা সফরে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কলকাতা থেকে মুর্শিদাবাদ পৌঁছে প্রথমে দলের সাংগঠনিক জেলার 'কোর কমিটি'র সঙ্গে বৈঠক করবেন।
এরপর রবীন্দ্র সদনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক ও শেষে রেজিনগরে বিজেপির 'কার্যকর্তা সম্মেলনে' তার যোগ দেওয়ার কথা রয়েছে।মুখ্যমন্ত্রীর এই সফরের আগেই নিজের একরাশ প্রত্যাশা ও দাবি নিয়ে সরব হলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জেলার উন্নয়নের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ কিছু দাবি রাখছেন। প্রাক্তন রেল প্রতিমন্ত্রী থাকাকালীন মুর্শিদাবাদে রেল ও 'সেল'-এর যৌথ উদ্যোগে কোচ তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা ছিল। অধীর চৌধুরীর মতে, রাজ্যে এখন 'ডবল ইঞ্জিনের সরকার' থাকায় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এটি জেলার অর্থনীতি ও ভৌগোলিক গুরুত্বের আমূল পরিবর্তন আনতে পারে বলে তিনি মনে করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীকে অবগত করেছেন। বহরমপুর সংলগ্ন ভান্ডারদহ বিল সংস্কারের দীর্ঘদিনের দাবি আবারও তুললেন অধীর চৌধুরী। তার দাবি, এই বিল সংস্কার করা হলে কৃষি বিপ্লব ঘটবে, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ জলের স্তরও বৃদ্ধি পাবে। অধীর চৌধুরী এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কর্মীর গায়ে হাত তোলার ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, ক্ষমতা হারানোর ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তার কথায়, ওই কর্মীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। রাজনৈতিক ফসিলে পরিণত হয়েছে বলে কটাক্ষ করে অধীর বলেন, তৃণমূলের যারা এখন 'বাগী' সেজেছেন, তারা আসলে ইডি-সিবিআই-এর হাত থেকে বাঁচতে মরিয়া। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিন্দুমাত্র দম থাকলে তৃণমূলের সদস্য পদ ত্যাগ করে উপনির্বাচনে জিতে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে দেখান। পাশাপাশি, কংগ্রেস একুশে জুলাই কর্মসূচি নিজেদের উদ্যোগেই পালন করবে বলেও তিনি জানান।