মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের অনিয়ম ও ভাঙন রোধে সরব
অভিজিৎ মন্ডল( ফারাক্কা): মুর্শিদাবাদ সফরে এসে জেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের বর্তমান পরিস্থিতি এবং তাতে অনিয়মের অভিযোগ নিয়ে তীব্র সরব হন।মুর্শিদাবাদ ও মালদা জেলার দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙন রোধে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ৩,৬০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পথে। এর মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের ফারাক্কা থেকে ভগবানগোলার জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ভাঙন কবলিত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রায় ১২ লক্ষ মহিলার তথ্য নতুন করে যাচাই করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার’ এবং সংখ্যালঘু স্কলারশিপ প্রকল্পের ক্ষেত্রে ভুয়া নথি দাখিল ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, হাসপাতালে রেফার সমস্যা এবং চিকিৎসক সংকট চরমে পৌঁছেছে। সিনিয়র ডাক্তারদের নিয়োগ এবং ক্যাথ ল্যাব ও ডায়ালিসিস ইউনিটের মতো অত্যাবশ্যকীয় চিকিৎসা সরঞ্জামের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি।পাশাপাশি তিনি আরও বলেন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রুখতে বিএসএফের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে সমন্বয় বৃদ্ধির কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, আগামী দুই-তিন মাসের মধ্যেই মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কাজে দৃশ্যমান গতি আসবে। সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রতিটি তথ্য যাচাইয়ের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।