খাদিমুল ইসলাম (বানারহাট): অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধার টাকা না পাওয়ার অভিযোগে বানারহাট বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলেন একাধিক চা-বাগানের মহিলা শ্রমিক। শুক্রবার রিয়াবাড়ি, নিউ ডুয়ার্স, বানারহাট, কারবালা-সহ বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা বিডিও অফিসে গিয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করলেও এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। চা-বাগানের শ্রমিক হওয়া সত্ত্বেও তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দীর্ঘক্ষণ ধরে বিডিওর দপ্তরের সামনে বিক্ষোভ চলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতির জেরে বিডিও বাইরে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন, আবেদনকারী প্রত্যেক যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। এই আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন চা-বাগানের শ্রমিকরা।