পুলিশ সূত্রে জানা গেছে, সামসেরগঞ্জ থানার পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে চস্কাপুরের এটোয়াল মোড় এলাকায় নজরদারি চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে যুবকটিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালালে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই ওই যুবকের গতিবিধির ওপর পুলিশের কড়া নজর ছিল। অস্ত্রটি ঠিক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সে কোথা থেকে এটি সংগ্রহ করল এবং এর পিছনে কোনও বড় অপরাধচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে খবর। উল্লেখ্য, সামসেরগঞ্জ থানার পুলিশ সম্প্রতি মাদক উদ্ধার, গরু পাচার রোধ ও অবৈধ লটারি চক্রের পর্দাফাঁসসহ একাধিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পুলিশের সেই সক্রিয় ভূমিকারই আরও একটি দৃষ্টান্ত। এলাকাবাসীর মতে, পুলিশের এই ধারাবাহিক অভিযান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাতাবরণ আরও জোরদার করেছে। পুলিশ আশাবাদী, এই গ্রেপ্তারের সূত্র ধরে বেআইনি অস্ত্র কারবারের জাল ছিন্ন করা সম্ভব হবে।