কেতুগ্রামে সাউথ কলকাতা সুচেতন উদ্যোগের সংবর্ধনা ও সমাজসেবামূলক কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক (কেতুগ্রাম): পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কোমরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মঞ্চে রবিবার সাউথ কলকাতা সুচেতন উদ্যোগের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেতুগ্রামের বিধায়ক অনাদি ঘোষকে সংবর্ধনা জানানোর পাশাপাশি এলাকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট গুণীজনদেরও সম্মানিত করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে এলাকার কয়েকজন প্রবীণ মহিলার হাতে একটি করে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও প্রয়োজনীয় স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের হাতে স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী হিসেবে বই প্রদান করা হয়। সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার প্রসারে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাউথ কলকাতা সুচেতন উদ্যোগের এক কর্মকর্তা জানান, সমাজের বিশেষভাবে প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।