এক বছরেও মেলেনি বিদ্যুতের সংযোগ, অন্ধকারেই রাত কাটছে বাগনানের ফুলচাষিদের
নিজস্ব সংবাদদাতা (হাওড়া): প্রায় এক বছর আগে বিদ্যুতের সংযোগের জন্য আবেদন করেছিলেন। প্রয়োজনীয় টাকা জমাও দিয়েছেন। কিন্তু এখনও মেলেনি বিদ্যুতের সংযোগ।
ফলে তীব্র গরমের মধ্যেই অন্ধকারে, কার্যত বিনিদ্র রাত কাটাতে হচ্ছে হাওড়ার বাগনান-২ ব্লকের বাঁকুড়দহ-দেউলটি সংলগ্ন এলাকার বেশ কয়েকটি ফুলচাষি পরিবারকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার বহু মানুষের জীবিকার প্রধান অবলম্বন ফুলচাষ। প্রতিদিন ভোরে ফুল কেটে মাথায় করে হাওড়ার ফুল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন চাষিরা। সময় বাঁচাতে এবং ফুলের পরিচর্যার সুবিধার জন্য অনেকেই ফুলবাগানের মধ্যেই ছোট ঘর তৈরি করে বসবাস করছেন। কিন্তু সেই ঘরগুলিতে এখনও বিদ্যুতের সংযোগ না থাকায় প্রচণ্ড গরমে রাত কাটানো দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় পাখা বা আলো কোনও সুবিধাই পাচ্ছেন না তারা। পাশাপাশি, বাগানে চুরির আশঙ্কা থাকায় অনেকেই রাতের বেলায় বাগানেই থাকেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় নিরাপত্তার বিষয়টিও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, গত এক বছর ধরে বিদ্যুৎ দপ্তরে আবেদন করার পাশাপাশি নির্ধারিত অর্থ জমা দেওয়া হলেও এখনও সংযোগ মেলেনি। বারবার দপ্তরের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ ফুলচাষিরা। বাঁকুড়দহ গ্রামের একাধিক ফুলচাষির দাবি, দ্রুত বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করা হোক। তাদের আশা, নতুন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান করবে।