রবিবার বসিরহাটের মাটিয়া থানার হুলোর মোড় এলাকায় এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের দাবি, খোলাপোতা পঞ্চায়েত, বসিরহাট পৌরসভার একাংশ, চাঁপাপুকুর ও রাজেন্দ্রপুর পঞ্চায়েত মিলিয়ে প্রায় ৪,২০০ একর কৃষিজমি দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে। একসময় এই বিস্তীর্ণ এলাকার জলনিকাশির জন্য একটি বড় খাল ছিল। অভিযোগ, গত ১৫ বছরে খালের বিভিন্ন অংশ ভরাট ও দখল করে মাছের ভেড়ি-সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়েছে। ফলে বর্ষার জল বেরোতে না পেরে বছরের প্রায় আট মাস কৃষিজমিতে জল জমে থাকে এবং চাষাবাদ কার্যত বন্ধ হয়ে যায়। কৃষকদের অভিযোগ, অতীতে গণস্বাক্ষর অভিযান চালিয়ে মহকুমা শাসক, মুখ্যমন্ত্রী, চাঁপাপুকুর ও রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এবং বসিরহাট পৌরসভায় একাধিকবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাই ফের মুখ্যমন্ত্রী ও মহকুমা শাসকের কাছে আবেদন জানানোর পাশাপাশি রাস্তা অবরোধ করে দ্রুত খাল সংস্কার ও স্থায়ী জলনিকাশি ব্যবস্থার দাবি তোলেন তারা।