এক ঝলক
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্প, বহু মৃত্যুর আশঙ্কা প্রবল বৃষ্টি, দুর্যোগের মধ্যেও চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ১১ আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর আইনি পদক্ষেপ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা

প্রবল বৃষ্টি, দুর্যোগের মধ্যেও চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ১১

নিজস্ব সংবাদদাতা: বুধবার দুপুরে তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে বিপত্তি ঘটে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নামে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই উদ্ধারকাজের মধ্যেই বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টি নামে। দুর্যোগের মধ্যেও চলে উদ্ধারকাজ। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
Ganamadhyam
26 June, 2026
গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তারাতলায় যে ভাবে সেনা, এনডিআরএফ, পুলিশ, কেএমসি, দমকল কাজ করে চলেছে, সেই উদ্ধারকাজে কিছুটা ব্যাঘাত ঘটে দুর্যোগের কারণে।বৃষ্টিতে বিপর্যস্ত হয় সেই কাজ। তবে বৃষ্টি থামতেই জোরকদমে চলে উদ্ধারকাজ।   কলকাতা পুলিশ, সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী চেষ্টায় কোনও খামতি রাখছে না। ড্রিল করে কাঠামোর ভিতরে ঢোকার চেষ্টা করেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার সকালে আরও পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। অন্যদিকে, এই বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত গুদাম মালিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।  তারাতলা বিপর্যয়ে গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে তারাতলা এলাকারই একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ শম্ভুনাথের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে তারাতলা থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার পর শম্ভু-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার দিবাকর ভান্ডারী এবং পুরসভায় গুদামের বিল্ডিং প্ল্যান পাশ করাতে সাহায্য করা ব্রোকার আবদুল হামিদ। বুধবার সন্ধ্যের পরেও চলে উদ্ধারকাজ। আবার বৃহস্পতিবার সকাল হতেই  উদ্ধারকাজে গতি বাড়ান জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। ভিতরে এখনও বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। হাইড্রোলিক ক্রেন দিয়ে গুদামের ভেঙে পড়া কাঠামোকে টেনে ধরে রাখা হয়েছে।শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থল থেকে মোট ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে  ১১ জনের মৃত্যু হয়েছে। বাকিরা জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে পুলিশ। তদন্তকারী দলের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক, হোমিসাইড শাখার ওসি-সহ গোয়েন্দা বিভাগের চার জন ও তারাতলা পুলিশ স্টেশনের দু’জন সাব-ইন্সপেক্টর। তদন্ত প্রক্রিয়ার তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকছেন গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার।
ই-পেপার