জগদ্দলের রাহুতায় দখল বেআইনি নির্মাণ ভাঙল জমির মালিকই
নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের রাহুতা বারোয়ারিতলায় জমি কেনাবেচা ঘিরে উত্তেজনা। অভিযোগ, এলাকার ত্রাস জিতেন গোলদার ২০২৪ সালের মে মাসের পর জমির মালিকের কাছ থেকে বলপূর্বক এক কাটা ছয় ছটাক জমি হাতিয়ে নেয়।
যদিও মালিকের পক্ষ থেকে সেই জমি রেজিস্ট্রেশন করা হয় নি। উক্ত জমি বাবদ দেনাপাওনা মালিককে মেটানো হয়নি। অভিযোগ উঠেছে, দখল করা জমিতে অবৈধ নির্মাণ গড়ে তুলেছিল জিতেন। সেখানে দিরারাত্র নেশার ঠেক বসাতো এই জিতেন। অভিযোগের ভিত্তিতে সেই ঠেকে তল্লাশি অভিযান চালায় জগদ্দল থানার পুলিশ। ওই ঠেক থেকে প্রায় একবস্তা গাঁজার পাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে। বুধবার জমির মালিক তাপস বিশ্বাস লোকজন সঙ্গে নিয়ে গিয়ে অবৈধ নির্মাণ তথা নেশার ঠেক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলায় ঘটনাস্থলে দাঁড়িয়ে জমির এক অংশীদার তাপস বিশ্বাস জানান, ২০২৪ সালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমির দখল নিয়েছিল স্থানীয় দুষ্কৃতী জিতেন গোলদার। জমির বদলে জিতেন তাঁকে কানাকড়িও দেয়নি। তাপসের আরও অভিযোগ, লোকালয়ে অবৈধ নির্মাণ করে সেখানে নেশার ঠেক তৈরি করেছিল জিতেন। তার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাহুতা বারোয়ারিতলার বাসিন্দারা। যদিও জিতেনের দাবি, ওই জমিটা নাকি তিনি ক্রয় করেছেন। সূত্র বলছে, বামজমানায় উত্থান এই জিতেনের। সিপিএম নেতাদের ছত্রছায়ায় থেকে তিনি শ্যামনগর বড়ুয়া পাড়া সহ পার্শ্ববর্তী এলাকার হোতা হয়ে উঠেছিলেন। রাজ্যে পালাবদল হতেই রাতারাতি জার্সি বদল করে তৃণমূলে নাম লেখান। ফের রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। সুকৌশলে গেরুয়া শিবিরে গা ভাসাতে মরিয়া প্রয়াস চালাচ্ছেন এই জিতেন।