সোমনাথ পাল(গাইঘাটায়): 'নেহি খাউঙ্গা, খানে নেহি দুঙ্গা' রেশন দূর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা আগেই জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তবে কে শোনে কার কথা। ফের দুর্নীতি, ফের রেশনের চালপাচার। আর তাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার গাইঘাটার ধরমপুরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় থাকা রাজ্য সমবায় সমিতির গুদাম থেকে চাল পাচার হচ্ছিল। বাইরে থেকে গুদামের দরজায় তালা মেরে ভেতরে চলছিল চালের বস্তা লোডিং এর কাজ।
সন্দেহ হওয়ায় এলাকাবাসীরা সমবায় সমিতির গুদামে আসতেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুর্নীতিবাজ পাচারকারীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে এসে চাল বোঝাই ট্রাক আটক করে গাইঘাটা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়ির অদূরে একটি গুদাম থেকে পাচারের সময় ৯ট্রাক চাল আটক করে পুলিশ। ওই ঘটনার রেশ না কাটতেই ফের রেশনের চাল পাচারের অভিযোগ উত্তর ২৪ পরগণায়। এদিনের ঘটনায় জড়িতদের খোঁজে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।