নিজস্ব সংবাদদাতা ( বর্ধমান): শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের পালিপুর এলাকার একটি স্টিল কারখানায় ফার্নেস ব্লাস্টের ঘটনায় রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।
ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের সঙ্গেও হাসপাতালে সাক্ষাৎ করেন মন্ত্রী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি জানান, দুই শ্রমিকই বর্তমানে সুস্থ রয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। মন্ত্রী আরও জানান, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে চলমান সমস্যারও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। সব পক্ষের সম্মতিতে অচলাবস্থার অবসান ঘটেছে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর খুব শীঘ্রই কারখানায় উৎপাদন পুনরায় শুরু হবে বলেও আশ্বাস দেন মৌমিতা বিশ্বাস মিশ্র।
দুর্ঘটনার পর কারখানায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।