সৌমেন আদক (খড়গপুর): পিংলা থানার অন্তর্গত পিংলা এলাকার এক চরম অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না। আজ সকালে তিনি পিংলার বিডিও-কে সঙ্গে নিয়ে ওই পরিবারের বাড়িতে পৌঁছে তাদের খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, পরিবারের কর্তা সনাতন নায়েক প্রায় পাঁচ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে প্যারালাইজড হন। সেই থেকে তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। এরই মধ্যে আরেক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তার একমাত্র ছেলে দিনু নায়েক। ছেলের মৃত্যুর পর পরিবারের উপর নেমে আসে চরম দুর্দশা। পরে দিনু নায়েকের স্ত্রীও দুই সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। বর্তমানে বৃদ্ধ সনাতন নায়েক, তার স্ত্রী এবং দুই নাতিকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটছে। পরিবারের কোনও নিয়মিত আয়ের উৎস নেই। ছোট্ট একটি ভাঙাচোরা বাড়িতে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন তারা। দুই শিশুর মুখে অন্ন তুলে দেওয়াও পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই মানবিক পরিস্থিতির কথা জানতে পেরে বিধায়িকা স্বাগতা মান্না নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান। এদিন প্রাথমিক সহায়তা হিসেবে পরিবারের হাতে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, ত্রিপলসহ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বিধায়িকার এই মানবিক উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।