ভূমি রাজস্ব আধিকারিককে জমির ফাইলের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতেই অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের অভিযোগে শুক্রবার ক্ষোভ ছড়ায় দুর্গাপুর–ফরিদপুর ব্লকের লাউদোহা ভূমি রাজস্ব দপ্তরে। অভিযুক্ত আধিকারিক অভিযোগ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। অভিযোগকারী গগন মণ্ডল দুর্গাপুর–ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তার দাবি পরিবারের জমি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির জন্য গত চার বছর ধরে তাকে ভূমি রাজস্ব দপ্তরে বারবার যেতে হচ্ছে। শুক্রবারও একই কারণে লাউদোহা ভূমি রাজস্ব দপ্তরে যান তিনি। গগন মণ্ডলের অভিযোগ, জমির ফাইলের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ভূমি রাজস্ব আধিকারিকের কাছে জানতে চাইতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং শারীরিক হেনস্তা ও মারধর করা হয়। ঘটনার পর তিনি লাউদোহা- ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর।
এ বিষয়ে অভিযুক্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি কোনও অভিযোগপত্রের কপি এখনও দেখিনি । তাই এই বিষয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে পারব না । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে ।