ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৭ জনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার চরগয়েশপুর এলাকায়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তামিলনাড়ুর চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে লালগোলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বয়রা মিরপুর মাঠ এলাকা দিয়ে তারা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ধৃতদের সঠিক পরিচয় ও নথিপত্র যাচাইয়ের জন্য আজ, শুক্রবার বহরমপুরে পাঠানো হয়েছে। সেখানে তাদের ফিঙ্গারপ্রিন্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।