সার্থক কুমার দে(দুর্গাপুর) : দুর্গাপুরের মায়াবাজার বড়িয়া কালীমন্দির সংলগ্ন দামোদর নদীর ঘাটে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় একশো ট্রাক বালি এই ঘাট থেকে তোলা হচ্ছে। অভিযোগ, বালি উত্তোলনের ক্ষেত্রে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (এনজিটি) নির্ধারিত নিয়ম মানা হচ্ছে না।
শ্রমিকের মাধ্যমে বালি তোলার কথা, সেখানে জেসিবি ও পকলেনের মতো ভারী যন্ত্র ব্যবহার করে বালি উত্তোলন করা হচ্ছে। শুধু তাই নয়, নদীর মাঝ বরাবর অস্থায়ী রাস্তা তৈরি করে ট্রাক চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দামোদর নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং নদীর পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ। শুক্রবার দুর্গাপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে নিয়ম ভঙ্গ করে বালি উত্তোলন করা হচ্ছে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অগ্নিমিত্রা পাল আরও বলেন, ৩৪ বছর বামফ্রন্ট এবং গত ১৫ বছর তৃণমূল সরকারের আমলে নদী ও প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আর সেই পরিস্থিতি চলতে দেওয়া হবে না।পরিবেশ রক্ষা করে এবং সমস্ত আইন ও নিয়ম মেনেই বালি উত্তোলন করতে হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ বা নিয়মবহির্ভূত বালি উত্তোলন বন্ধ করে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশ রক্ষা করা হোক। তবে বালি উত্তোলনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।