কালিয়াচকে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও কাফ সিরাপ উদ্ধার
বিশ্বজিৎ সাহা (মালদহ): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফ ও কালিয়াচক থানার পুলিশের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলল মালদায়। বুধবার গভীর রাতে কালিয়াচক থানার গয়েশবাড়ি কালাপাহাড় এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে উদ্ধার করা হল আগ্নেয়াস্ত্র, কার্তুজ, নিষিদ্ধ কাফ সিরাপ এবং বিপুল পরিমাণ নগদ টাকা। এই ঘটনায় গোডাউনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে ওই গোডাউনে বেআইনি সামগ্রী মজুত থাকার খবর পেয়ে বিএসএফ ও কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে দুটি পাইপগান, সাত রাউন্ড কার্তুজ, ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং নগদ ২ লক্ষ ৩৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আব্দুল আলিম (৪১)। তিনি কালিয়াচক থানার গয়েশবাড়ি কালাপাহাড় এলাকার বাসিন্দা। গোডাউনটিতে কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস কোথায়, নিষিদ্ধ কাফ সিরাপ কীভাবে সেখানে পৌঁছল এবং নগদ টাকার সঙ্গে কোনও বেআইনি কারবারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।