রঘুনাথগঞ্জে বাড়ি থেকে উদ্ধার প্রায় ৬৫ লক্ষ টাকা, পলাতক বাড়ির মালিক
অভিজিৎ মন্ডল (ফারাক্কা): মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তল্লাশি অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বুধবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার ভূতবাগান এলাকায় এক বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিট নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে ভূতবাগানের বাসিন্দা সইবুল শেখ, পিতা উকিল শেখ চোরাই সামগ্রী নিয়ে কারবার করছে। সেই খবরের ভিত্তিতেই স্থানীয় দুজন সাক্ষীকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে বাড়ি থেকে দুটি ব্যাগ, একটি ক্যাশ কাউন্টিং মেশিন এবং একটি ওজন করার মেশিন উদ্ধার হয়। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ৬৪ লক্ষ ৯০ হাজার টাকা ভারতীয় মুদ্রা। এ বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে রেড করি। তল্লাশিতে দুটি ব্যাগ থেকে প্রচুর ক্যাশ, একটি ক্যাশ কাউন্টিং মেশিন ও একটি ওয়েইং মেশিন পাওয়া গেছে। প্রায় ৬৪ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাড়িতে থাকা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টাকার উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক উত্তর বা বৈধ নথিপত্র দেখাতে পারেননি। তাই সমস্ত টাকা ও মেশিন সিজ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়ির মালিক সইবুল শেখ পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কোথায় যাচ্ছিল এবং কোনও অবৈধ কাজ বা পাচারের সঙ্গে এর যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।