এক ঝলক

১৫ লক্ষ টাকা ব্যয়ে ড্রাম সেতু, উদ্বোধনে বিজেপি বিধায়ক

বিশ্বজিৎ সাহা (মালদহ ): বন্যার জল নেমে যাওয়ার পর ভূতনীর দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ভাসমান ড্রাম ও লোহার কাঠামো দিয়ে অস্থায়ী সেতু তৈরি করেছে মালদা জেলা প্রশাসন। বৃহস্পতিবার নবনির্মিত ওই সেতু পরিদর্শন করলেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা। সেতুর নিরাপত্তা ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা খতিয়ে দেখার পাশাপাশি সেতু সংযোগকারী রাস্তার পরিস্থিতিও পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে অস্থায়ী সেতুর কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক। পাশাপাশি ভবিষ্যতে এই ভাসমান সেতুর পরিবর্তে স্থায়ী লকগেট নির্মাণের আশ্বাস দেন তিনি। বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল জানান, ভূতনী ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে। বন্যার সময় এলাকায় জল ঢুকে পড়ায় স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছিল। সেই সময় সাধারণ মানুষের পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করতে হয়। পশ্চিম রতনপুর দিয়ে জল ঢোকার পর কাঁটা বাঁধের কাছে জল বের করার ব্যবস্থা করা হয়েছিল। মানুষের যাতায়াত আরও সহজ করতেই ড্রাম সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।বিধায়কের দাবি, এই সেতু চালু হওয়ায় এলাকার মানুষ দিন-রাত নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রতিদিন বিভিন্ন কাজে মালদহে যাতায়াতকারী ভূতনীর বাসিন্দারা উপকৃত হবেন। পাশাপাশি সেতু সংযোগকারী রাস্তার উন্নয়নের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।এদিন রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিধায়ক বলেন, এর আগে একাধিকবার বন্যা হলেও সাধারণ মানুষের সুবিধার্থে এ ধরনের অস্থায়ী সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, উন্নয়নের টাকা লুট করা হয়েছে। তবে বর্তমান উদ্যোগে ভূতনীর বাসিন্দারা খুশি বলে দাবি করেন তিনি।অন্যদিকে, তৃণমূল সূত্রে বিধায়কের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, তাদের আমলে কোনও দুর্নীতি হয়নি। ফলে অস্থায়ী সেতু নির্মাণকে কেন্দ্র করে উন্নয়নের দাবি ও রাজনৈতিক চাপানউতোর, দুই-ই সামনে এসেছে।
Ganamadhyam
16 October, 2026
ই-পেপার