এক ঝলক

দশভুজার মতো সংসার, জিম আর পাওয়ার লিফটিং—"অন্য দুর্গা" দেবিকা

সার্থক কুমার দে (অন্ডাল): দুর্গাপুজোর দশভুজা দুর্গা যেমন দশ হাতে সামলান নানা দায়িত্ব, তেমনই বাস্তবের মাটিতে সংসার, পরিবার, শরীরচর্চা আর খেলাধুলার জগৎ—সব দিক সামলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অন্ডালের দুবচুরুলিয়া গ্রামের দেবিকা গড়াই। বয়স ৩৬। পাওয়ার লিফটিংয়ের মঞ্চে তাঁর সাফল্য যেমন নজর কেড়েছে, তেমনই তাঁর জীবন সংগ্রাম আজ অনেকের কাছে অনুপ্রেরণা। তাই তিনি যেন বাস্তবের এক ‘অন্য দুর্গা’। স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার দেবিকার। পাশাপাশি বাপের বাড়িতে বাবা মায়ের দেখভাল ও সংসারের দায়িত্বও সামলাতে হয় তাঁকেই। দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর পর থেকে বাপের বাড়িতেই থাকেন দেবিকা। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্নপূরণের লড়াই—দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই এগিয়ে চলেছেন তিনি।
Ganamadhyam
16 October, 2026
দেবিকার পাওয়ার লিফটিংয়ের জগতে আসার গল্পটাও বেশ অন্য রকম। বিয়ের পর ছেলের জন্মের পরে তাঁর শরীরের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শে জিমে যাওয়া শুরু করেন তিনি। শরীরের ওজন কমানোর পাশাপাশি ধীরে ধীরে শরীরচর্চার প্রতি আগ্রহ বেড়ে যায়। তখনই জিমের প্রশিক্ষক তাঁকে পাওয়ার লিফটিং অনুশীলনের পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই শুরু হয় নতুন পথচলা। এরপর জেলা, রাজ্য ও সর্বভারতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন দেবিকা। বর্তমানে নিজের একটি জিম সেন্টারও রয়েছে তাঁর। সেখানে বহু ছেলে-মেয়ে শরীরচর্চার প্রশিক্ষণ নেয়। নিজের অনুশীলন ও প্রতিযোগিতার প্রস্তুতির পাশাপাশি অন্যদেরও সুস্থ থাকার পথ দেখাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং সেখানে সাফল্য অর্জন করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য। সেখানে অংশ নেবে বিশ্বের অন্যান্য ৩০ টি দেশের প্রতিযোগীরা।
দেবিকা মনে করেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি মহিলাদের নিজেদের জন্যও সময় বের করা জরুরি। তাঁর কথায়, “প্রত্যেক মেয়েরই উচিত নিজের পরিচিতি গড়ে তোলা, শরীর সুস্থ রাখা এবং নিজেকে সময় দেওয়া।” পরিবারের প্রতি দায়িত্ব, নিজের পেশা, শরীরচর্চা ও খেলাধুলা—সব কিছু সামলে দেবিকার এই লড়াই শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার বার্তা‌ পুজোর আবহে তাই দেবিকা গড়াই যেন এক অন্য দুর্গা—যার শক্তি দশ হাতে নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর নিজের পরিচিতি গড়ে তোলার লড়াইয়ে।
ই-পেপার