শৈলেন রায় (ক্রান্তি): পুজোর আগে পথ নিরাপত্তা জোরদার করতে ক্রান্তিতে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের লাগাতার অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যায় লাটাগুড়ি বাজার সংলগ্ন ট্রাফিক বুথে ৭১৭ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এদিন ক্রান্তি ট্রাফিক পুলিশের কর্তব্যরত ট্রাফিক অফিসার হরি তামাং এর নেতৃত্বে যানবাহনে নজরদারি ও চালকদের চেকিং করা হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো-সহ বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গের বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়। কর্তব্যরত ট্রাফিক অফিসার হরি তামাং জানান, দুর্ঘটনা এড়াতে প্রত্যেককে হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলতে হবে। আগামী দিনেও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।