অভিজিৎ মন্ডল (ফারাক্কা): মুর্শিদাবাদের লালবাগে বুধাসপাড়া ফ্রেন্ডস একাদশ ক্লাব আয়োজিত শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার মহা পঞ্চমীর দিনে। এবছর এই পুজো ৩৪ তম বর্ষে পদার্পণ করেছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে ও মণ্ডপে প্রতিমা দর্শন করে তিনি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, কান্দির বিধায়িকা তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী গার্গী ঘোষ, জেলা শাসক, জেলা পুলিশ সুপার সচিন মক্কার, বিএসএফের ডিআইজি মহিন্দর রায়, লালবাগের মহকুমা শাসক পূজা মীনা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো কমিটির পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখনও তিনবার এই পুজোয় এসেছেন এবং আয়োজকরা এবারও আমন্ত্রণ জানানোয় তিনি উপস্থিত হয়েছেন। তিনি উল্লেখ করেন যে, রাজ্যে এবার ৫৮ হাজার দুর্গাপুজো হচ্ছে, যা গত বছরের থেকে ১৩ হাজার বেশি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ ও লাইসেন্সে ছাড় এবং এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
এছাড়াও তিনি মুর্শিদাবাদ জেলার উন্নয়ন, গঙ্গা ভাঙন রোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া, নেশামুক্ত সমাজ গড়া এবং বাল্যবিবাহ রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখেন। জেলায় নতুন ৮০০-র বেশি পুজো অনুমোদন পাওয়ায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং পুজোর কদিন আগে দুটি মণ্ডপে ঘটা দুর্ঘটনার প্রসঙ্গ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।