দুর্নীতির অভিযোগে মেমারী পৌরসভায় বিক্ষোভ, ইও'কে ঘেরাও করে হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা (মেমারি): বুধবার মেমারী পৌরসভায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গত বছর আয়োজিত বইমেলায় বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। সেই দুর্নীতির হিসাব খতিয়ে দেখার দাবিতে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ইও'কে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলাকালীন টেবিল চাপড়ে হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, গত বছরের বইমেলার আয়-ব্যয়ের হিসাব নিয়ে একাধিক অসঙ্গতি রয়েছে। সেই হিসাবের তদন্ত ও অডিটের দাবি জানিয়েই পৌরসভায় এই বিক্ষোভ। তাদের দাবি, বইমেলার আর্থিক অনিয়মের পাশাপাশি পৌরসভার আরও বেশ কিছু বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই মেমারী পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীদের দাবি, তাদের প্রশ্নের মুখে পড়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারও কোনও সদুত্তর দিতে পারেননি।
অন্যদিকে, পৌরসভার এই অচলাবস্থার কারণে নাগরিক পরিষেবা ব্যহত হচ্ছে বলেও অভিযোগ সাধারণ মানুষের। নাগরিক পরিষেবা সচল রাখতে ইতিমধ্যেই পৌরসভায় বিধায়ক কার্যালয় চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, যে কাজ স্থানীয় প্রশাসনের করার কথা, সেই কাজও এখন বিধায়ককে করতে হচ্ছে। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে পৌরসভার আর্থিক বিষয়গুলির অডিট করতে হবে এবং দ্রুত নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।