নিজস্ব সংবাদদাতা (মহেশতলা): বেআইনি বাজি তৈরি ও মজুতের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। মহেশতলা ও বজবজ এলাকায় বেআইনি বাজির কারবার নিয়ে অভিযোগ সামনে আসার পর মহেশতলা ও বজবজ থানার স্পেশাল অপারেশন টিম অভিযান চালায়। অভিযানে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।ডায়মন্ড হারবার জেলা পুলিশ, এসডিপিও মহেশতলার ধীমান মিত্রের নেতৃত্বে চালানো হয় এই অভিযান। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি একটি ছোট লরিতে করে নিয়ে যায় পুলিশ। বেআইনি বাজি তৈরি ও মজুতের বিরুদ্ধে এই অভিযানকে পুলিশের বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।২০২৩ সালে ২০ শে মার্চ মহেশতলার পুঁটখালি মণ্ডলপাড়ায় এলাকায় বেআইনিভাবে বাজি তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়।এরপরই মহেশতলা ও বজবজ এলাকায় বেআইনি বাজি তৈরির কারবার নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। সেই ঘটনার পর থেকেই নজরদারি বাড়িয়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
অভিযানের পাশাপাশি বাজি ইউনিয়নের সদস্যদের সঙ্গেও কথা বলেন এসডিপিও মহেশতলা। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনিভাবে বাজি তৈরি বা মজুত কোনওভাবেই বরদাস্ত করা হবে না।কোথাও এমন কারবারের খবর পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে। আগামী দিনে বেআইনি বাজির কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেও জানিয়েছেন এসডিপিও মহেশতলা ধীমান মিত্র।( ছবি: বিশ্বজিৎ নস্কর)।